প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2026 ইং
দিঘলিয়ায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া:
‘যুবদের দক্ষতা, সৃজনশীলতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে’—এমন প্রত্যাশার মধ্য দিয়ে খুলনার দিঘলিয়ায় আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টায় দিঘলিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোনায়েম খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ তরুণ। তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
একই সঙ্গে মাদক, বেকারত্ব ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রেখে তাদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে প্রচলিত শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা অর্জন করা জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা এবং নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। যুবসমাজকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগেরও প্রয়োজন রয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, সহকারি প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. জাকির হোসেন, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
একই সঙ্গে দিঘলিয়া উপজেলার যুবকদের জন্য প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা